ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইস্রাফীল।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. ইস্রাফীলকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও জানানো হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তিনি অবসরে যাওয়ার সময় পর্যন্ত—যেটি আগে ঘটবে। এই সময়ের মধ্যে তিনি স্বীয় পদে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাও ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন।
এছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
Leave a Reply