যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আনিছুর রহমান মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার (৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
নিহত আনিছুর রহমান নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান ‘জয়েন্ট ট্রেডিং’-এর মালিক ছিলেন। তিনি নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা এলাকার বাসিন্দা। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নওয়াপাড়া বাজারে আনিছুর রহমানের মালিকানাধীন ‘আনিছ প্লাজা’ নামে একটি মার্কেট রয়েছে। ওই মার্কেটের একটি দোকান ভাড়া নেওয়াকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয় পীর বাড়ি এলাকার শাহ মাহামুদ নামের এক ব্যক্তি দোকানটি ভাড়া নিতে চাইলেও আনিছুর রহমান তাতে রাজি হননি।
এ ঘটনার জেরে বুধবার সন্ধ্যা ৭টার দিকে একদল দুর্বৃত্ত আনিছুর রহমানের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকালে আনিছুর রহমানের মরদেহ নওয়াপাড়ার বাড়িতে আনা হলে স্বজন ও স্থানীয়দের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। ব্যবসায়ী মহলেও এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন শাহ মাহামুদ বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও জানান, নিহত আনিছুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply