সাতক্ষীরা সদর উপজেলায় ধানবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গণেশ সরকার (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে শহরের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গণেশ সরকার সদর উপজেলার বাঁশতলা এলাকার বিরিঞ্চি সরকারের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতোই ধানবোঝাই ট্রলি নিয়ে কাজ করতে বেরিয়েছিলেন গণেশ সরকার। বিকেলে কদমতলা বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রলিটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। একপর্যায়ে ট্রলিটি উল্টে গেলে তিনি নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
নিহতের কাকাতো ভাই মনোজিত সরকার বলেন, স্থানীয় লোকজন দ্রুত গণেশ সরকারকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। চিকিৎসক পরে তাকে মৃত ঘোষণা করেন।
মনোজিত সরকার আরও জানান, গণেশ সরকারের দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে পূর্ণিমা সরকার বর্তমানে এসএসসি পরীক্ষার্থী এবং ছোট মেয়ে মিম সরকার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ট্রলি চালিয়ে উপার্জিত সামান্য আয় দিয়েই পুরো পরিবারের ভরণপোষণ চলত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ত্রিদেব দেবনাথ বলেন, হাসপাতালে আনার আগেই গণেশ সরকারের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply