বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলাগুলি, সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে একজন নিহত

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭ বার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গুলাগুলির ঘটনায় মোহাম্মদ কামাল নামের এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ)-এর কমান্ডার এবং নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেনের ছোট ভাই বলে জানা গেছে।

বুধবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প-৮ ইস্ট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে আকস্মিক গোলাগুলি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ কামাল আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কারা এই হামলায় জড়িত তা শনাক্তে তদন্ত চলছে।

কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নায়েক সাইফুল ইসলাম জানান, ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর পুরো ক্যাম্প এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category