বিদ্যুতের ঘাটতি থেকে সৃষ্ট লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। সংস্থাটি ১৭ থেকে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর কাছে।
বুধবার (৬ মে) বিকেলে বিইআরসির এক সদস্য জানান, পিডিবির প্রস্তাবটি কমিশনে জমা পড়েছে এবং এখন এটি কারিগরি কমিটি পর্যালোচনা করবে। তাদের সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। তখন খুচরা পর্যায়ে ৮ দশমিক ৫ শতাংশ এবং পাইকারিতে ৫ শতাংশ মূল্য বৃদ্ধি পায়। এতে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি মূল্য গড়ে ৬ দশমিক ৭০ টাকা থেকে বেড়ে ৭ দশমিক ০৪ টাকায় দাঁড়ায়।
নতুন প্রস্তাব অনুযায়ী, যদি ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়, তবে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৪৮ পয়সা পর্যন্ত বাড়তে পারে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর সরকার গ্যাস-বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে এখন সেই অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে সংঘাত পরিস্থিতির প্রভাব পড়েছে জ্বালানির দামে।
এদিকে গত ৯ এপ্রিল বিদ্যুতের মূল্য পর্যালোচনা ও সম্ভাব্য সমন্বয়ের জন্য ছয় সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়, যা ইতোমধ্যে কাজ শুরু করেছে।
Leave a Reply