শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশে পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের যে অবক্ষয় ঘটেছে, তা কাটিয়ে উঠতে নীতিগতভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি জানান, কীভাবে এই মূল্যবোধগুলোকে শিক্ষাব্যবস্থার মাধ্যমে শক্তিশালী করা যায়, সে বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে।
বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বাড়াতে অষ্টম শ্রেণি থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত সারাদেশে বিএনসিসি কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দমুখর শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে। শিক্ষার্থীরা যাতে আনন্দের সঙ্গে জ্ঞান অর্জন করতে পারে এবং বাস্তব জীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে, সে লক্ষ্যেই শিক্ষা কার্যক্রম সাজানো হচ্ছে।
তিনি আরও জানান, শিক্ষাব্যবস্থাকে মূল্যবোধ, নৈতিকতা ও মানসম্মত শিক্ষার ভিত্তিতে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে বিএনসিসি, গার্লস গাইড, স্কাউট ও রোভার স্কাউটের মতো প্ল্যাটফর্মগুলোকে জাতীয় পর্যায়ে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে।
সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কথাও উল্লেখ করেন তিনি। এ লক্ষ্যে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
Leave a Reply