বরিশালের উজিরপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন নারীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রিনা খানম, তসলিমা আক্তার ও নাসরিন আক্তার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী ও তাদের স্বজনদের দালালরা বিভ্রান্ত করে নির্দিষ্ট ক্লিনিক ও চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে অর্থ আদায় করছে। এ অভিযোগের ভিত্তিতে আকস্মিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আদালতের রায়ে রিনা খানম ও তসলিমা আক্তারকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে নাসরিন আক্তারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, স্বাস্থ্যসেবায় কোনো ধরনের দালালি বা অনিয়ম বরদাস্ত করা হবে না এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
Leave a Reply