আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রম নির্বিঘ্ন করতে চামড়া ব্যবসায়ীদের অনুকূলে ঋণ বিতরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার জারি করা এক সার্কুলার লেটারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, দেশের চামড়া শিল্প একটি গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী খাত, যা জাতীয় অর্থনীতি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মসংস্থানে বড় ভূমিকা রাখছে। প্রতি বছর এই খাতে ব্যবহৃত কাঁচামালের বড় অংশ আসে ঈদুল আজহার কোরবানির পশুর চামড়া থেকে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, এ সময় চামড়া ব্যবসায়ীদের পর্যাপ্ত অর্থের জোগান নিশ্চিত করা গেলে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। এ কারণে ব্যাংকগুলোকে ব্যাংকার–গ্রাহক সম্পর্কের ভিত্তিতে চলতি মূলধন ঋণ সীমা মঞ্জুর ও দ্রুত বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়, শুধু অনুমোদন নয়, বাস্তবায়নেও গুরুত্ব দিতে হবে যাতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও সহজে ঋণ সুবিধা পান এবং তৃণমূল পর্যায়ে চামড়া সংগ্রহ কার্যক্রম সচল থাকে।
এছাড়া যেসব ব্যবসায়ীর পুনঃতফসিলকৃত ঋণ রয়েছে, তাদের ক্ষেত্রে নতুন ঋণ প্রদানের সময় কিছু শর্ত সাময়িকভাবে শিথিল করা হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে ২০২৬ সালের ঈদুল আজহার জন্য আগাম ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণের নির্দেশও দিয়েছে, যা ২০২৫ সালের লক্ষ্যমাত্রার চেয়ে কম হতে পারবে না।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের চামড়া খাতে উৎপাদন ও বিপণনে গতি আসবে, পাশাপাশি রপ্তানি আয় ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়বে।
Leave a Reply