মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) ভোরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া একটি সিএনজি চালিত অটোরিকশাও উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে আল আমিন (৩৬) ও রুহুল আমিন (৩৮), এবং কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে রুবেল (৩১)।
পুলিশ সূত্রে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে কৌশলে সিএনজি চুরি করে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় আরও কয়েকজন সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, চক্রটি সুসংগঠিতভাবে দেশের বিভিন্ন স্থান থেকে সিএনজি চুরি করত। তাদের গ্রেপ্তারের ফলে স্থানীয় চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার করা সিএনজিটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply