বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

রাবিপ্রবি ভিসি অপসারণে ছাত্রদলের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩ বার

দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্যকে অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রদল।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলন শেষে ছাত্রদলের নেতাকর্মীরা উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক নাছির উদ্দিন অর্ণব। এ সময় সদস্য সচিব জিশান আহম্মেদ, শরিফ উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বর্তমান উপাচার্য আইন অমান্য করে নিজের ইচ্ছামতো শিক্ষক নিয়োগ দিয়েছেন। নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার পরিবর্তে দলীয় পরিচয়কে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে ‘জামায়াতীকরণ’ করা হয়েছে বলেও দাবি করা হয়। পাশাপাশি আওয়ামীপন্থী শিক্ষকদের গুরুত্বপূর্ণ পদে পদায়নের অভিযোগও আনা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, উপাচার্যের বিরুদ্ধে একাধিক অডিট আপত্তি রয়েছে। বরাদ্দের অতিরিক্ত জ্বালানি তেল উত্তোলন, এক খাতের অর্থ অন্য খাতে ব্যয় করাসহ বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।

বিক্ষুব্ধ নেতারা গত ৫ আগস্টের একটি ঘটনার উল্লেখ করে দাবি করেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের অজুহাতে ছাত্রদলের দেওয়া ফুল বেদি থেকে শ্রদ্ধাঞ্জলি ছুড়ে ফেলা হয়েছিল। একই দিনে ছাত্রশিবিরের একটি আয়োজনে উপাচার্যের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলা হয়।

ছাত্রদল হুঁশিয়ারি দিয়ে জানায়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্যকে অপসারণ করা না হলে পুরো বিশ্ববিদ্যালয়সহ রাঙামাটি জেলায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category