বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

ডিএসসিসিতে প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ ঘোষণা

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১২ বার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগর পরিচ্ছন্নতা জোরদারে প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ ঘোষণা দেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সোমবার (৪ মে) নগর ভবনের সম্মেলন কক্ষে এডিস মশাবাহিত রোগ প্রতিরোধ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। প্রথমবারের মতো এই কর্মসূচি আগামী ৯ মে আনুষ্ঠানিকভাবে পালন করা হবে।

ডিএসসিসি জানায়, প্রধানমন্ত্রীর ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচিকে আরও কার্যকর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের অংশগ্রহণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ডিএসসিসি এলাকার সব সরকারি প্রতিষ্ঠান, আবাসিক এলাকা, স্কুল-কলেজ-মাদ্রাসা, রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন স্থানে নিজ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এ ছাড়া মশক নিধনে ব্যবহৃত কীটনাশকের মান, প্রয়োগ পদ্ধতি ও তদারকি আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত করার কথাও বলা হয়।

সভাপতির বক্তব্যে মো. আবদুস সালাম বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নগরবাসী যদি নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখেন, তবে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তিনি আরও বলেন, মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। পাশাপাশি গণমাধ্যমকে জনস্বার্থে সচেতনতামূলক প্রচারণা বাড়ানোর আহ্বান জানান তিনি।

সভায় স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা মহানগর পুলিশ, ঢাকা মেডিকেল কলেজ, বিজিবি, ইসলামিক ফাউন্ডেশন, রাজউক, বাংলাদেশ রেলওয়ে, রিহ্যাব, শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category