ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন এ সিদ্ধান্ত নেয়।
সোমবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশের জন্য প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এখন তা বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস)-এ পাঠিয়ে প্রকাশ করা হবে।
তিনি বলেন, “আমরা নুসরাত তাবাসসুমের নামে গেজেট করতে নথিতে স্বাক্ষর করে ফেলেছি। এখন বিজি প্রেসে ছাপানো হবে।”
তবে এই আসনকে কেন্দ্র করে আইনি জটিলতা এখনও পুরোপুরি শেষ হয়নি। একই জোটের আরেক প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা রিটের শুনানি মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, আদালত থেকে ভিন্ন কোনো নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, এখন পর্যন্ত আদালত বা অন্য কোনো কর্তৃপক্ষের নতুন নির্দেশনা পাওয়া যায়নি। তাই বিদ্যমান সিদ্ধান্ত অনুযায়ী গেজেট প্রকাশের কাজ এগোচ্ছে। তবে শুনানিতে যদি নতুন নির্দেশনা আসে, কমিশন তা বাস্তবায়ন করবে।
ইসির তথ্য অনুযায়ী, মনিরা শারমিন সরকারি ব্যাংক থেকে অবসরের নির্ধারিত তিন বছর পূর্ণ না হওয়ায় তার মনোনয়ন নিয়ে শুরু থেকেই বিতর্ক তৈরি হয়। পরে ২৩ এপ্রিল তার মনোনয়ন বাতিল করা হয়। অন্যদিকে নুসরাত তাবাসসুম সময়সীমার পর মনোনয়ন জমা দিলেও আদালতের নির্দেশের পর তা গ্রহণ করে বৈধ ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা ২ মে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন এবং ৩ মে প্রার্থীর তালিকায় তার নাম প্রকাশ করা হয়। এরপরই গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
ইসি কর্মকর্তারা জানান, আদালতের রায় অনুযায়ী শেষ পর্যন্ত যদি মনিরা শারমিনের পক্ষে কোনো সিদ্ধান্ত আসে, তাহলে আসনটিতে নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন হতে পারে। অন্যথায় নুসরাত তাবাসসুমই সংরক্ষিত আসনে সংসদে প্রতিনিধিত্ব করবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মোট ৫০টি আসনের মধ্যে ৪৯টিতে ইতোমধ্যে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেছেন। এই আসনটি নিয়েই এখনো আইনি ও রাজনৈতিক জটিলতা চলমান রয়েছে।
Leave a Reply