সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক।
রোববার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রামিম মিয়া (৫০)। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মঞ্জুরুল আলম।
এর আগে রোববার সকাল ৬টার দিকে তেলিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কাঁঠালবোঝাই একটি ট্রাক ও শ্রমিকবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় রামিম মিয়ার মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৯ জনে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর আম্বরখানা এলাকা থেকে ১৫ জন ঢালাই শ্রমিক একটি পিকআপে করে ওসমানীনগরের দয়ামীর এলাকায় কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তেলিবাজার ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা শ্রমিকরা ছিটকে পড়ে হতাহত হন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, ট্রাকটি চালাচ্ছিলেন হেলপার এবং তিনি ঘুমে ঝিমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যান।
এদিকে সোমবার দুপুর পর্যন্ত দক্ষিণ সুরমা থানায় এ ঘটনায় কোনো মামলা হয়নি। থানার ওসি জানান, নিহতদের দাফন শেষে স্বজনরা মামলা করবেন। ইতোমধ্যে ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ৭ জুন একই মহাসড়কের নাজিরবাজার এলাকায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ১৫ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছিলেন, যা ওই অঞ্চলে বড় ধরনের দুর্ঘটনা হিসেবে আলোচিত হয়েছিল।
Leave a Reply