বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

উখিয়ার কুতুপালং বাজারে দ্বিতীয় দফা উচ্ছেদ অভিযান

শাকুর মাহমুদ চৌধুরী, (উখিয়া) কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১১ বার
দীর্ঘদিনের তীব্র যানজট ও জনদুর্ভোগ কমাতে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজারে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (০৪ মে ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত টানা তিন ঘণ্টার এই অভিযানে বাজারের প্রধান সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আসমার নির্দেশনায় পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। অভিযানে ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান ও স্থাপনা নির্মাণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করে উখিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ স্কাউট সদস্য, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান, বাজার ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় জনগণ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উচ্ছেদের পর যাতে পুনরায় কোনো অবৈধ স্থাপনা গড়ে না ওঠে, সে জন্য বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংশ্লিষ্টদের কঠোরভাবে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়দের মতে, কুতুপালং বাজারে দীর্ঘদিন ধরে যানজট একটি নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। অপরিকল্পিতভাবে দোকান বসানো, ফুটপাত দখল, এবং সাধারণ মানুষের অসচেতনতা- এসব কারণেই পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এই উচ্ছেদ অভিযান পরিচালনা করায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
প্রশাসনের কর্মকর্তারা জানান, শুধু উচ্ছেদ অভিযানই যথেষ্ট নয়- এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন নিয়মিত তদারকি, হাইওয়ে পুলিশের সক্রিয় ভূমিকা এবং সর্বোপরি স্থানীয় জনগণের সচেতন অংশগ্রহণ। অন্যথায়, পুনরায় অবৈধ দখল ও যানজটের সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকেই যায়।
জনস্বার্থে পরিচালিত এই অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category