চালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা। এতে সোমবার (৪ মে) সকাল থেকেই মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা বিপাকে পড়েন। অনেকেই সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে বাধ্য হয়ে ইজিবাইক ও ভ্যানে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে জরুরি কাজে বের হওয়া মানুষজন সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন।
জেলা বাস মালিক সমিতির নেতারা জানান, গতকাল দুপুরে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী একটি দূরপাল্লার বাস আমঝুপি বাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। এ সময় মোটরসাইকেল আরোহী রাব্বি বাসচালক সোহেল রানা ও সুপারভাইজারকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পরপরই শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে সোমবার সকাল থেকে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা আসে।
মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে। সংগঠনের সভাপতি আহসান হাবীব সোনা বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে বাস চলাচল স্বাভাবিক করা হবে না।
Leave a Reply