বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

প্রেমবিচ্ছেদের কষ্টে ৪৬০ ফুট টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২৬
  • ২২ বার

মাদারীপুরের শিবচরে প্রেমিকাকে ফিরে পাওয়ার অনুরোধ ও প্রেমবিচ্ছেদের কষ্টে ৪৬০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করেন হাসান শিকদার (২২) নামে এক যুবক। পরে পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ ও স্থানীয়দের প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় তাকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে হাসান শিকদারের সঙ্গে তার প্রেমিকার সম্পর্ক ভেঙে যায়। এই বিচ্ছেদ মেনে নিতে না পেরে রবিবার সন্ধ্যার পর তিনি শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় প্রেমিকার বাড়ির কাছে থাকা একটি উচ্চ বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন।

টাওয়ারে উঠে তিনি প্রেমিকাকে ফোন করে সম্পর্ক পুনরায় শুরু করার অনুরোধ জানান এবং দাবি করেন, কথা না শুনলে তিনি নিচে লাফ দিয়ে আত্মহত্যা করবেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে তার এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে নামার জন্য বোঝানোর চেষ্টা করেন। একই সঙ্গে শিবচর থানা পুলিশ, নিলখী তদন্ত কেন্দ্রের সদস্যরা, ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, দীর্ঘ সময় ধরে মোবাইল ফোনে ও সরাসরি কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করা হয়। অবশেষে রাত সাড়ে ১০টার দিকে তার বন্ধু টাওয়ারে গিয়ে তাকে বুঝিয়ে নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হন।

পরে পুলিশ হাসান শিকদারকে শিবচর থানায় নিয়ে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক জনসমাগম সৃষ্টি হয় এবং মুহূর্তে সেটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category