মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় ইরানকে এ সমুদ্রপথকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছে কাতার। একই সঙ্গে প্রণালিটি খোলা রাখার পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক।
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেন, হরমুজ প্রণালিকে উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে চাপ বা ব্ল্যাকমেইলের উপায় হিসেবে ব্যবহার করা উচিত নয়। তিনি জানান, যুদ্ধ বন্ধ, দ্রুত যুদ্ধবিরতি কার্যকর এবং প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল পুনরায় চালু করতে পাকিস্তানের নেতৃত্বাধীন কূটনৈতিক উদ্যোগকে কাতার ও তুরস্ক যৌথভাবে সমর্থন করছে।
অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, যুদ্ধের সময় ইরানের হরমুজ প্রণালিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা উচিত হবে না। তার মতে, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ সচল রাখা শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য নয়, বৈশ্বিক অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, ইরান ও যুক্তরাষ্ট্র–এর মধ্যে যুদ্ধ বন্ধে সমঝোতার চেষ্টা চলছে এবং এতে পাকিস্তানের নেতৃত্বাধীন উদ্যোগে তুরস্কও সহযোগিতা করছে।
এদিকে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে কাতার ও তুরস্ক।
Leave a Reply