বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

তামিলনাড়ুতে বিজয়ের কড়াকড়ি, ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১১ বার

ভারতের তামিলনাড়ু রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় ওরফে ‘থালাপতি’ বিজয় নাগরিক অধিকার রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, তার রাজ্যে কোনো সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে এবং অপরাধী যে ধর্মেরই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।

মুখ্যমন্ত্রী বিজয় বলেন, নাগরিকদের অধিকার সবার জন্য সমান এবং সেই অধিকার নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। তিনি জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে আরও সক্রিয় করা হবে।

ক্ষমতায় আসার পর প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে রাজ্যজুড়ে ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। এই দোকানগুলো পরিচালনা করে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন। সরকারি তথ্য অনুযায়ী, বন্ধ হতে যাওয়া দোকানগুলোর বেশিরভাগই মন্দির, মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান ও বাস স্ট্যান্ডের আশপাশে অবস্থিত।

বর্তমানে তামিলনাড়ুতে টাসম্যাকের অধীনে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বা জনবহুল বাস স্ট্যান্ডের ৫০ মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না। বন্ধের তালিকায় থাকা দোকানগুলোর মধ্যে ২৭৬টি ধর্মীয় স্থাপনার কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এবং ২৫৫টি বাস স্ট্যান্ডের আশেপাশে অবস্থিত।

গত রোববার ৫১ বছর বয়সী এই অভিনেতা-রাজনীতিক মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার দল তামিলনাড়ু ভেট্টি কাজাগাম এবারের নির্বাচনে দীর্ঘদিনের দুই প্রধান রাজনৈতিক শক্তি ডিএমকে ও এআইএডিএমকের আধিপত্য ভেঙে ঐতিহাসিক বিজয় অর্জন করে।

কংগ্রেস, বামপন্থী দল ও মুসলিম লিগসহ বিভিন্ন দলের সমর্থনে প্রথমবারের মতো একটি জোট সরকার গঠিত হয়েছে তামিলনাড়ুতে। ক্ষমতায় এসেই সামাজিক সংস্কার ও জনকল্যাণমূলক কর্মসূচির ওপর গুরুত্ব দিচ্ছেন বিজয়।

তার সরকারের ঘোষিত বিভিন্ন উদ্যোগের মধ্যে রয়েছে বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সুবিধা, নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন এবং জেলা পর্যায়ে মাদকবিরোধী ইউনিট প্রতিষ্ঠা। তবে বিপুল সংখ্যক মদের দোকান বন্ধের সিদ্ধান্তে রাজ্যের আয়ে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, রাজস্ব আয় কমে গেলে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে চাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যেই আগের ডিএমকে সরকারের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সূত্র: আর আর চ্যানেল ও এবিপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category