যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যের তিন দেশ কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে নতুন করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার মধ্যে কাতারে একটি বাণিজ্যিক জাহাজে আগুন লাগার ঘটনা ঘটলেও কুয়েত ও আমিরাতে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার অন্তত দুটি ড্রোনকে নিজেদের আকাশসীমায় শনাক্ত ও ভূপাতিত করেছে সংযুক্ত আরব আমিরাত–এর সামরিক বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট ৫৫১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২৬৫টি ড্রোন প্রতিহত করেছে।
অন্যদিকে কাতার–এর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আবুধাবি থেকে আসা একটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ রোববার দেশটির জলসীমায় প্রবেশের পর ড্রোন হামলার শিকার হয়। হামলার ফলে জাহাজটিতে সীমিত আকারে আগুন ধরে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জাহাজটি মেসাইদ বন্দর–এর উত্তর-পূর্ব দিকে অবস্থানকালে হামলার শিকার হয়। পরে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এর আগে ব্রিটেনের একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছিল, দোহার উত্তর-পূর্বাঞ্চলে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে কুয়েত–এর সামরিক বাহিনীও জানিয়েছে, রোববার ভোরে দেশটির বিভিন্ন এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
Leave a Reply