বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১০ বার

হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান—ইরানি রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স নিউজের এমন দাবিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার (৪ মে) এই ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ফার্স নিউজের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে হরমুজ প্রণালি এলাকায়, যেখানে যুদ্ধজাহাজটি ইরানের জাস্ক দ্বীপের কাছ দিয়ে অগ্রসর হচ্ছিল। দাবি করা হয়, জাহাজটি সতর্কবার্তা উপেক্ষা করে প্রণালির দিকে এগোলে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলার পর যুদ্ধজাহাজটি তার গতিপথ পরিবর্তন করে বলে জানানো হয়েছে।

তবে এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যম এক্সিওসকে জানান, তাদের কোনো যুদ্ধজাহাজে হামলার ঘটনা ঘটেনি এবং এই ধরনের দাবি সঠিক নয়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এর জবাবে ইরান সতর্ক করে জানায়, অনুমতি ছাড়া কোনো বিদেশি জাহাজ প্রণালিতে প্রবেশ করলে তা লক্ষ্যবস্তু হতে পারে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়লেও দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও পরিস্থিতি এখনও অস্থির বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হচ্ছে। গত ৮ এপ্রিল যুদ্ধবিরতির পরও পারস্পরিক অভিযোগ ও পাল্টা পদক্ষেপ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

এদিকে ঘটনার বিষয়ে স্বাধীনভাবে কোনো পক্ষ থেকে নিরপেক্ষ যাচাই করা সম্ভব হয়নি বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category