নিজস্ব প্রতিবেদক :
দুর্নীতিবাজরা যতই প্রভাবশালী হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে দুর্নীতি দমন কমিশনকে (দুদক)।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বঙ্গভবনে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানানো হয়। রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম ব্রিফিংয়ে এ তথ্য জানান।
সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন উদ্যোগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে দুর্নীতি দমনে কমিশনের কার্যক্রম আরও কার্যকর করতে সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে বলা হয়, দীর্ঘদিনের অপশাসন, অনিয়ম ও জবাবদিহির ঘাটতির কারণে দুর্নীতি বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণের ওপর দেশের অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ অনেকাংশে নির্ভরশীল। এ ক্ষেত্রে দুদককে সততা ও সাহসের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
এ সময় দীর্ঘদিন ধরে বিচারাধীন বিপুলসংখ্যক মামলা আইনগতভাবে দ্রুত নিষ্পত্তি এবং মামলার দীর্ঘসূত্রিতা কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। গুরুতর দুর্নীতির ঘটনায় দ্রুত অনুসন্ধান করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।
দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তুলতে জনসচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দুদককে তার সাংবিধানিক ও আইনগত দায়িত্ব কার্যকরভাবে পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া এবং সচিব মো. সাইদুর রহমান খান। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
তুলি আক্তার / আনলাইন ডেস্ক বিপিসি