চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বাসস্থান ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে ফ্লাইওভারের নিচে নির্মিত বিভিন্ন অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা-র নেতৃত্বে পরিচালিত অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে অবৈধভাবে গড়ে ওঠা অধিকাংশ বাসস্থানে কোনো বাসিন্দাকে পাওয়া যায়নি। তবে যাদের পাওয়া গেছে, তাদের সরকারি জায়গা দখল এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ বসতি স্থাপন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
চসিক জানিয়েছে, নগরীর সৌন্দর্য রক্ষা, জনস্বার্থ সংরক্ষণ এবং ফ্লাইওভারের নিচের জায়গাগুলো দখলমুক্ত রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কর্তৃপক্ষের মতে, এসব স্থানে অবৈধ দখল নগর ব্যবস্থাপনা ও চলাচলের পরিবেশের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখতে এবং নগরকে আরও পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে ভবিষ্যতেও এ ধরনের উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
Leave a Reply