জাতীয় সংসদ সচিবালয়ের আওতাধীন স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস) প্রকল্পের অধীনে ইউএনডিপির সহযোগিতায় সংসদ গ্রন্থাগারকে ই-পার্লামেন্টের আওতায় আধুনিক ও যুগোপযোগী করার বিষয়ে আলোচনা করেছে সংসদের লাইব্রেরি কমিটি।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির চতুর্থ বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকটি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান, এ. বি. এম. মোশাররফ হোসেন, হুম্মাম কাদের চৌধুরী এবং আখতার হোসেন উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে সভাপতি উপস্থিত সদস্যদের স্বাগত জানান এবং পূর্ববর্তী বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সাব-কমিটি ১-এর প্রতিবেদন উপস্থাপন করে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংসদ গ্রন্থাগারকে আধুনিকায়নের অংশ হিসেবে গবেষকদের সেবা সহজ করতে অনলাইন ও সরাসরি আবেদন গ্রহণের ব্যবস্থা চালু, পাঁচ কর্মদিবসের মধ্যে আবেদন নিষ্পত্তি এবং সংশ্লিষ্টদের দ্রুত অবহিত করার সুপারিশ করা হয়। পাশাপাশি সংসদ অধিবেশন চলাকালীন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গবেষকদের গ্রন্থাগার ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়েও আলোচনা হয়।
এছাড়া গবেষণা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে কমিটির সদস্য সাঈদ আল নোমানকে সভাপতি করে একটি পৃথক গবেষণা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, সংসদ গ্রন্থাগারে দুইজন আইটি কর্মকর্তা ও দুইজন পরিচ্ছন্নতাকর্মী পদায়ন করা হবে এবং প্রবেশপথে ডিজিটাল নামফলক স্থাপন করা হবে।
সভায় সংশ্লিষ্ট সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply