বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

ফুটবল সমর্থন নিয়ে বিরোধে কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১১ বার

গাইবান্ধার সদর উপজেলায় আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলকে সমর্থন করা নিয়ে কথাকাটাকাটির জেরে এক কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দুই বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হাওয়া দিঘিতে এ ঘটনা ঘটে। নিহত রাহাদ মিয়া (১৬) তরফকাল গ্রামের মকবুল হোসেনের ছেলে। অভিযুক্ত দুই কিশোর সাকিব ও রিফাত একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তিন বন্ধু একসঙ্গে হাওয়া দিঘিতে গোসল করতে নামে। গোসলের সময় আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দল নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে সেই তর্ক হাতাহাতির পর্যায়ে গড়ায়। অভিযোগ রয়েছে, সাকিব ও রিফাত মিলে রাহাদকে বারবার পানির নিচে চুবিয়ে রাখে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর অভিযুক্ত দুই কিশোর দ্রুত স্থান ত্যাগ করে। পরে স্থানীয়রা রাহাদকে উদ্ধার করে জীবিত মনে করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত দুই কিশোর পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category