যুক্তরাজ্যের লন্ডনে জুলাই অভ্যুত্থানের নেতা ও এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর অংশগ্রহণে আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা, বিক্ষোভ ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল ও এলেম পার্ক এলাকায় পৃথক দুটি ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এ সময় আওয়ামী লীগের এক নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে।
এনসিপি ইউকে অ্যালায়েন্সের উদ্যোগে পূর্ব লন্ডনের মায়েদা ব্যাঙ্কুয়েটিং হল-এ জুলাই আন্দোলনবিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল হাসনাত আবদুল্লাহর।
তার আগমনের খবর ছড়িয়ে পড়লে বিকেল থেকেই অনুষ্ঠানস্থলের বাইরে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেন। অপরদিকে এনসিপির সমর্থকরাও সেখানে অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে এনসিপি সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও পরিস্থিতির কারণে হাসনাত আবদুল্লাহ রাত ৯টার দিকে কয়েক ডজন পুলিশের নিরাপত্তায় বিকল্প প্রবেশপথ দিয়ে ভেন্যুতে প্রবেশ করেন। এ সময় তাকে লক্ষ্য করেও ডিম ছোড়া হয় বলে জানা যায়। অনুষ্ঠান শেষে তিনি পুলিশি নিরাপত্তার মধ্যেই স্থান ত্যাগ করেন।
উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং তিনজনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন।
এর আগে একই দিন বিকেলে পূর্ব লন্ডনের এলেম পার্ক এলাকায়ও হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি ও তার সহযোগীরা পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন ব্যক্তি তাদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন।
সেখানেও তার সঙ্গে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এতে এনসিপির এক কেন্দ্রীয় নেতার গায়ে ডিম লাগে। পরে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। উপস্থিত লোকজন হস্তক্ষেপ করলে পরিস্থিতি শান্ত হয়।
Leave a Reply