দেশে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মাজারে হামলা চালিয়ে এর দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর চাপানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ আহত মিরপুর মাজার মসজিদের খতিব আব্দুল মোমেনকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী শান্তি, সম্প্রীতি ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।
তিনি এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
পরে তিনি মিরপুর-১৩ এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল হান্নানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।
একই সঙ্গে তিনি সকল গণহত্যার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান।
Leave a Reply