সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা হাটখোলায় ইয়াসিন আলী নামে এক ভুয়া চিকিৎসককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভুয়া চিকিৎসক ইয়াসিন আলী ( ৩২)পূর্ব নলতা গ্রামের শাহাজান আলীর ছেলে। সোমবার (১৫জুন) দুপুর পৌনে ১ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম খানের নেতৃত্বে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: ডালিয়া আক্তারকে সঙ্গে নিয়ে পুলিশের সহায়তায় নলতা হাটখোলা মসজিদের পাশে তারালী রোড এলাকায় “মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টারে” এ অভিযান পরিচালনা করে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন ২০১০ অনুযায়ী ভুয়া ডাক্তার, পদবি ব্যবহারের দায়ে তাকে শাস্তি স্বরূপ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ডালিয়া আক্তার বলেন আইন অনুযায়ী বিএমডিসি অথবা বিডিএস পাস না করে কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারে না। কিন্তু নলতা হাট খোলায় প্রকাশ্যে বছরের পর বছর ইয়াসিন আলী নিজেকে ডাক্তার এবং ভুয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার ডি ১৩১৯৮ নং ব্যবহার করে ভিজিটিং কার্ড ছাপাইয়া রোগী ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। শুধু প্রতারণা নয় সে চেম্বারে বসে নিয়মিত রোগী দেখা সহ নানা ধরনের জটিল রোগের পরীক্ষা-নিরীক্ষা ও অপারেশন সম্পন্ন করতো বলে আমাদের নিকট অভিযোগ রয়েছে। যার প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করে তাকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হয়েছে। এ থেকে সবাইকে সতর্ক থাকার ও সহযোগিতা কামনা করেন।
Leave a Reply