সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

ইসলামী ব্যাংকে মিলল আরও আড়াই হাজার কোটি টাকা সহায়তা

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১২ বার

Islami Bank Bangladesh PLC-এর পরিচালনা পর্ষদের দায়িত্ব বুঝে নিয়েছেন মোহাম্মদ জহির হোসেন। দায়িত্ব গ্রহণের দিনই ব্যাংকটির তারল্য সংকট মোকাবিলায় আরও ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে গ্রাহকদের টাকা উত্তোলনের চাপ আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন।

দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদ জহির হোসেন বলেন, এখন পেছনে তাকানোর সুযোগ নেই। তিনি আমানতকারীদের নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং ব্যাংকের প্রতি আস্থা রাখার অনুরোধ করেন। তাঁর ভাষ্য, যোগ্য ও সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে দ্রুত একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের জন্য যাচাই-বাছাই চলছে।

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, পাঁচ সদস্যের একটি পূর্ণাঙ্গ বোর্ড গঠনের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, ব্যাংক পরিচালনায় দক্ষ এবং নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নতুন পর্ষদ গঠন করা হবে। খুব শিগগিরই একটি গ্রহণযোগ্য ও কার্যকর বোর্ড গঠন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মোহাম্মদ জহির হোসেন আরও বলেন, পূর্ণাঙ্গ বোর্ড গঠনের আগ পর্যন্ত তিনি সীমিত সময়ের জন্য এক সদস্যের বোর্ড হিসেবে দায়িত্ব পালন করবেন, যাতে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন জানান, বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা হিসেবে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা পেয়েছে ইসলামী ব্যাংক। তিনি বলেন, আগের দিনও একই পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল, যার পুরোটা এখনো ব্যবহার করতে হয়নি। তাঁর আশা, যারা আতঙ্কের কারণে অর্থ তুলে নিয়েছেন, তারা আবারও ব্যাংকের ওপর আস্থা রেখে ফিরে আসবেন।

গ্রাহকদের আস্থা ফিরে আসার ইঙ্গিত দিয়ে আলতাফ হুসাইন জানান, দেশের একটি বড় শাখা থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, আগের তুলনায় হিসাব বন্ধের সংখ্যা প্রায় ৭৫ শতাংশ কমে গেছে। তিনি এটিকে ইতিবাচক লক্ষণ হিসেবে উল্লেখ করেন।

সাবেক চেয়ারম্যানের গাড়ি ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ব্যাংকের নিয়ম অনুযায়ী চেয়ারম্যান একটি গাড়ি ব্যবহার করেন। অপসারণের চিঠি হস্তান্তরের সঙ্গে সঙ্গেই গাড়িটি ফেরত নেওয়া হবে।

অন্যদিকে, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক-কে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ জহির হোসেন বলেন, তিনি ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং পরিচালনা পর্ষদ তা গ্রহণ করেছে। ফলে তাঁকে পুনর্বহালের সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category