রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এর লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, এ রিটের সঙ্গে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই।
এর আগে গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, হাসপাতাল কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।
গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। মৃত শিশুদের বয়স ছিল এক থেকে তিন দিনের মধ্যে। এ ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হলে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে হাবিবুর রহমান রমনা থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার তদন্তে দ্রুত তিন সদস্যের একটি কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, তদন্ত কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষও একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছিল। প্রথমে তারা তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের ঘোষণা দিলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে জানায়, প্রতিবেদনটি প্রকাশ না করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।
Leave a Reply