শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৪ বার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। এ লক্ষ্যে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ হাজারই নারী।

রোববার সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ১০ জেলায় নতুন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন ও হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, চলতি বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির এক শতাংশ অর্থাৎ ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন। তিনি বলেন, ভবিষ্যতে বাড়িতে কোনো প্রসূতির সন্তান প্রসব হবে না এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোকে আধুনিক ও মানসম্মত সেবাকেন্দ্রে রূপান্তর করা হবে।

জরুরি স্বাস্থ্যসেবা জোরদারে চারটি হেলিকপ্টার কেনার পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, উপজেলা পর্যায়ের জটিল ও গুরুতর রোগীদের দ্রুত জেলা সদর বা ঢাকার বিশেষায়িত হাসপাতালে নেওয়ার কাজে এসব হেলিকপ্টার ব্যবহার করা হবে।

হাসপাতাল পরিদর্শনের সময় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের রান্নাঘরসহ বিভিন্ন স্থানের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তিনি জেলা সিভিল সার্জনকে তিন দিনের মধ্যে রান্নাঘর ও সংশ্লিষ্ট সরঞ্জাম পরিষ্কার করার নির্দেশ দেন। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অতীতের মতো সেবা দিলে চলবে না। প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, তাই সবাইকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে।

ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ মোকাবিলায় নারায়ণগঞ্জসহ ১০ জেলায় আইসিইউ সেবা চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের সহযোগিতায় এসব কেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্র কার্যকর রাখতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

মন্ত্রী আরও জানান, বিদেশি সহযোগিতায় নারীদের জন্য দুটি ১৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পাশাপাশি সারা দেশে আরও ২০টি বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে। এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, স্তন ক্যানসার চিকিৎসাসহ বিভিন্ন আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category