শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৫২

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৭ বার

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মোট ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে চার শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫৬০ শিশু। এছাড়া পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হামে মারা গেছে আরও ৯২ শিশু। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫২ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় আরও ১ হাজার ৫২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার ৯৫১ জনে।

একই সময়ে পরীক্ষায় নতুন করে ৭৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩২৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ হাজার ৫৭৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬৬ হাজার ৮৪১ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও হামের উপসর্গে মারা যাওয়া চার শিশুর মধ্যে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category