কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার পর উদ্ধার হওয়া ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। প্রেমের সম্পর্কের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।
শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে এস এম ফরহাদ উল্লেখ করেন, শুক্রবার রাতে পুলিশ জিসানকে উদ্ধারের পর থেকে শনিবার দুপুর পর্যন্ত ছাত্রশিবিরের কোনো প্রতিনিধি কিংবা তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তিনি দাবি করেন, এখনো জিসান পুলিশের হেফাজতে রয়েছেন। ফলে নিখোঁজ বা অপহরণসংক্রান্ত ঘটনায় তার নিজস্ব বক্তব্য জানা সম্ভব হয়নি।
ফরহাদ আরও বলেন, জিসানের বিরুদ্ধে মামলা করা বিধবা নারী লিজা আক্তারের বড় বোনের দাবি অনুযায়ী, গত বৃহস্পতিবার বিকেলে পুলিশ বা প্রশাসনের সদস্যরা লিজাকে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর থেকে তার পরিবারের সদস্যরা লিজা ও তার বাবার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
ছাত্রশিবিরের প্রচার সম্পাদক জানান, লিজার বড় বোন সাবিকুন্নাহার জিসান ও লিজার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে আগে থেকেই জানতেন। এই তথ্যের ভিত্তিতেই সংগঠনটি প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, ঘটনার প্রকৃত রহস্য এখনো পুরোপুরি উদ্ঘাটিত হয়নি। তবে প্রেমের সম্পর্কের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় জিসান প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে ভুক্তভোগীকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে সংগঠনটি।
Leave a Reply