আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে রাজধানীমুখী পশুবাহী ট্রাকের চাপ বাড়ছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। এতে ঘাট এলাকায় যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া ঘাট দিয়ে পদ্মা পার হয়েছে মোট ৪২৩টি পশুবাহী ট্রাক। শুক্রবার (২২ মে) সকাল ৯টায় বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঈদযাত্রা ও পশুবাহী ট্রাক পারাপার নির্বিঘ্ন রাখতে অগ্রাধিকার ভিত্তিতে ট্রাকগুলো ফেরিতে তোলা হচ্ছে। বর্তমানে পর্যাপ্ত ফেরি চালু থাকায় ঘাটে কোনো যানবাহনকে দীর্ঘ সময় সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে না। কেবল ফেরি লোডিংয়ের কারণে কিছুটা সময় লাগছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় এ ঘাট দিয়ে মোট ২ হাজার ১৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই ছিল পশুবাহী ট্রাক। কর্তৃপক্ষ ধারণা করছে, ঈদ যত ঘনিয়ে আসবে ততই রাজধানীমুখী পশুবাহী যানবাহনের চাপ আরও বাড়বে।
এদিকে রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ জানিয়েছেন, পশুবাহী যানবাহন যেন কোনোভাবেই সড়কে হয়রানির শিকার না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কোথাও অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
Leave a Reply