সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শাশুড়ির পরকীয়ার বিষয়টি পরিবারের সদস্যদের জানিয়ে দেওয়ায় এক গৃহবধূকে হত্যা করে ঘরের ভেতর ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। বুধবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাসলিমা (২২) ওই গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী এবং তাহের মণ্ডলের মেয়ে। তাদের সংসারে দুই সন্তান রয়েছে বলে জানিয়েছে পরিবার।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের অভিযোগ, প্রায় আট বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাসলিমা ও উজ্জ্বলের বিয়ে হয়। দীর্ঘদিন স্বাভাবিকভাবেই তাদের দাম্পত্য জীবন চলছিল। তবে সম্প্রতি তাসলিমা তার শাশুড়ির পরকীয়া সম্পর্কের বিষয়টি দেখে ফেলেন এবং তা পরিবারের সদস্যদের জানিয়ে দেন। এরপর থেকেই তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু হয় বলে দাবি পরিবারের।
নিহতের বাবা তাহের মণ্ডল অভিযোগ করেন, নির্যাতনের ধারাবাহিকতায় মঙ্গলবার রাতের কোনো এক সময় তাসলিমাকে হত্যা করা হয়। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে ঘরের ভেতর মরদেহ ঝুলিয়ে রাখা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাশুড়িসহ পরিবারের কয়েকজন সদস্য পলাতক রয়েছেন।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের গলায় থাকা দাগ দেখে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে না। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply