দেশীয় প্রজাতির মাছ ও নদীর জলজ জীববৈচিত্র্য রক্ষায় সদরপুর উপজেলা–এর পদ্মা নদীতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি, গুটি ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পদ্মা নদীর কাড়ালকান্দি, মোল্লাকান্দি, চর বলাশিয়া ও মাদ্রাসা ঘাটসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে নদীতে অবৈধভাবে পাতা ৬৭টি চায়না দুয়ারি জাল, তিনটি গুটি জাল ও দুটি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মৎস্য বিভাগ জানিয়েছে, নিষিদ্ধ জালের কারণে পদ্মা নদীতে দেশীয় ছোট-বড় মাছ, মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। বিশেষ করে সূক্ষ্ম ফাঁসের জালে মাছের ডিম ও পোনা আটকা পড়ে মারা যাওয়ায় স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে।
এতে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে মাছের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান চলাকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. মেহেদী হাসান।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ ও দেশীয় মাছের উৎপাদন বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জেলেদের সচেতন করতে নিয়মিত প্রচারণা চালানো হবে।
Leave a Reply