আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১২ মে) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন–এ আয়োজিত ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি–এর চেয়ারম্যান মাসরুর আরেফিন–এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস–এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
অর্থমন্ত্রী বলেন, সরকারের কোনো রাজনৈতিক নিয়োগ বা প্রভাব এই প্রতিষ্ঠানে কাজ করবে না। এটি শতভাগ পেশাদার ভিত্তিতে পরিচালিত হবে। তিনি জানান, বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি যে মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে, ভবিষ্যতে তা আরও বাড়ানো হবে। এটি শুধু একটি বিনিয়োগ প্রতিষ্ঠান নয়, বরং দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে দৃশ্যমান করার একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে।
তিনি বলেন, দেশের তরুণ উদ্যোক্তাদের প্রধান দুটি সমস্যা হচ্ছে অর্থায়নের অভাব এবং জামানত দেওয়ার অক্ষমতা। এই উদ্যোগের মাধ্যমে সেই বাধাগুলো দূর করার চেষ্টা করা হয়েছে। বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, দক্ষ ও পেশাদার উপায়ে পরিচালিত হবে বলেও জানান তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই উদ্যোগ সরকারের রাজনৈতিক অঙ্গীকারের অংশ। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগিয়ে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। বিশেষ করে সৃজনশীল অর্থনীতির মাধ্যমে গ্রামীণ ও শহুরে তরুণদের অর্থনীতির মূলধারায় যুক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশ একটি কঠিন সময় অতিক্রম করছে। সরকার পুঁজিবাজার সংস্কার ও বড় ধরনের নিয়ন্ত্রণ শিথিলকরণের দিকে এগোচ্ছে। বিনিয়োগ ও পুঁজিবাজারে দক্ষ ব্যক্তিদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং দেশি-বিদেশি বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীরা এ প্রক্রিয়ায় যুক্ত রয়েছে।
তিনি আরও বলেন, দেশের ব্যাংক ও বেসরকারি খাতের আন্ডার ক্যাপিটালাইজেশন দূর করতে সরকার কাজ করছে। একই সঙ্গে এই স্টার্টআপ কোম্পানি শুধু ব্যাংক খাতের বিনিয়োগে সীমাবদ্ধ থাকবে না, আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলোকেও বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করবে। এ প্রকল্পের সফল বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয় সব ধরনের নীতিগত সহায়তা দেবে বলেও জানান তিনি।
Leave a Reply