বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

নাঙ্গলকোটে সাংবাদিকদের সঙ্গে সভায় এমপির বক্তব্যে বিতর্ক

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৮ বার

কুমিল্লার নাঙ্গলকোটে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কুমিল্লা-১০ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার দেওয়া বক্তব্যকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কয়েকজন সাংবাদিককে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে আখ্যা দেন এবং সাংবাদিকদের উদ্দেশে কঠোর ভাষায় মন্তব্য করেন।

সভায় মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, তিনি সাংবাদিকদের সহযোগিতায় এমপি হননি এবং গত সতেরো বছরে নাঙ্গলকোট নিয়ে সাংবাদিকদের কার্যকর কোনো ভূমিকা দেখেননি বলে দাবি করেন। তিনি আরও বলেন, তার ৫৮ মাস ক্ষমতা রয়েছে এবং তিনি যেভাবে চাইবেন সেভাবেই সবাইকে চলতে হবে।

এ সময় নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লাকে উদ্দেশ করে একাধিকবার ‘ফ্যাসিস্টের দোসর’ শব্দ ব্যবহার করেন তিনি। উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, ওই সাংবাদিককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি এবং একপর্যায়ে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়।

সভায় অন্য সাংবাদিকরা বক্তব্য দিতে চাইলে তাদেরও কড়া ভাষায় থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা হলে দেখে নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি, এমন অভিযোগও করেছেন উপস্থিত সাংবাদিকরা।

একপর্যায়ে সাংবাদিক মাঈন উদ্দিন দুলালকে উদ্দেশ করে তিনি মন্তব্য করেন যে তিনি তথাকথিত বিএনপি। পাশাপাশি ব্যক্তিগত ফোনালাপ এবং ব্লক করার প্রসঙ্গও উল্লেখ করেন। সভায় আরও কয়েকজন সাংবাদিককে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগও পাওয়া গেছে।

সাংবাদিকদের অভিযোগ অনুযায়ী, সভায় অংশ নেওয়া কয়েকজন বক্তব্য দিতে চাইলেও তাদের বাধা দেওয়া হয়। আওয়ামী লীগ শাসনামলে নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করলেও কিছু সাংবাদিককে কথা বলতে দেওয়া হয়নি বলেও দাবি করা হয়।

এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া সভায় আরও জানান, নাঙ্গলকোট প্রেসক্লাব পুনর্গঠন করা হবে এবং সাংবাদিকতার যোগ্যতা যাচাই করে সদস্যপদ দেওয়া হবে। এ লক্ষ্যে নতুন গঠনতন্ত্র তৈরির কথাও তিনি উল্লেখ করেন।

সভায় তার এমন বক্তব্য ও আচরণকে কেন্দ্র করে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তবে পরিস্থিতি বিবেচনায় অনেকেই তাৎক্ষণিকভাবে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাননি। পরে স্থানীয় সাংবাদিক সমাজ এ ঘটনার নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

এ বিষয়ে মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো অতিরিক্ত বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category