বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

সাটুরিয়ায় ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৫ বার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজ-এর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন উপজেলার তিল্লীর চর গ্রামের আলম (১৬) ও একই গ্রামের কালু মিয়া (১৬)। আহত হয়েছেন একই গ্রামের সোনা মিয়া (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি কংক্রিটবোঝাই ট্রাক দড়গ্রাম এলাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময় তিন আরোহীসহ একটি মোটরসাইকেল তিল্লীর চর থেকে দড়গ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ব্রিজের কাছে পৌঁছালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেল চালক সোনা মিয়া ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং পেছনে থাকা আলম ও কালু মিয়া ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই আলমের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় কালু মিয়াকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত সোনা মিয়াও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category