বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিক্ষাই হবে চীন–বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৫ বার

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভবিষ্যতে চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল সেতুবন্ধন হবে শিক্ষা। তিনি বলেন, এই সম্পর্ককে আরও সুদৃঢ় ও টেকসই করতে কংক্রিট বা অবকাঠামো নয়, বরং শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নই হবে মূল উপাদান।

শুক্রবার (৮ মে) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর চায়না স্টাডিজ আয়োজিত ‘চায়না বাংলাদেশের রাউন্ড টেবিল অন গভর্নেন্স এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দুই দেশের মধ্যে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সম্পর্ক প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি আরও বলেন, বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়নে এই সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিশেষ করে শিক্ষা খাতে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ একটি জনবহুল দেশ। এই জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করতে পারলে দেশ উন্নত পর্যায়ে পৌঁছাতে পারবে। এজন্য কারিগরি ও দক্ষতা উন্নয়ন খাতে বিশেষ গুরুত্ব দিতে হবে। চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ সহযোগিতা আরও বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চেন ডংশিয়াও। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আ স ম রিদওয়ানুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category