বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

রাজধানীতে র‌্যাবের ব্লক রেইডে গ্রেপ্তার ১১

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৫ বার

রাজধানীর মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর এলাকায় একযোগে ব্লক রেইড পরিচালনা করে অস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-২।

র‌্যাব-২ সূত্র জানায়, বুধবার (৭ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর এলাকায় পাঁচটি আভিযানিক দল একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শ্যামলী এলাকায় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি রিকশাযোগে পালানোর চেষ্টা করলে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে রিকশা থেকে ১২ দশমিক ২৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত একটি রিকশাও জব্দ করা হয়েছে।

এ ছাড়া পৃথক অভিযানে শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকা থেকে ৪২ পিস ইয়াবাসহ দুজন এবং ১৬ গ্রাম হেরোইনসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

অন্যদিকে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি চাপাতিসহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়। একই সময়ে আদাবর এলাকায় দস্যুতার চেষ্টাকালে চাপাতিসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের দাবি, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ ছিনতাই ও দস্যু চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও চুরির সঙ্গে জড়িত।

এদিকে বসিলা গার্ডেন সিটি এলাকায় পরিত্যক্ত অবস্থায় চার রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‌্যাবের আরেকটি দল।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জানিয়েছে, রাজধানীতে অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category