আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে জাল নোট কারবারি, অজ্ঞান পার্টি, ছিনতাইকারী ও পকেটমারদের দমনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেছেন, গোয়েন্দা নজরদারির পাশাপাশি মাঠপর্যায়ে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে এবং করবে।
বুধবার রাতে কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, জাল নোট কারবারিদের বিষয়ে ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এসব চক্রকে আইনের আওতায় আনতে বিশেষ অভিযানও পরিচালনা করা হবে। পাশাপাশি পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন রাখার ব্যবস্থাও থাকবে।
ডিএমপি কমিশনার বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে ঈদকে কেন্দ্র করে অজ্ঞান পার্টি, ছিনতাইকারী ও পকেটমার চক্র সক্রিয় হয়ে ওঠে। তাই এসব অপরাধীকে শনাক্ত ও তাদের অপতৎপরতা প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান ও নজরদারি চালাচ্ছে। ঈদের আগে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোর পাশাপাশি পশুর হাটগুলোতেও বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, হাটে আগত গরু বিক্রেতা, রাখাল ও ক্রেতাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন তিনি। কারণ অনেক সময় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে মানুষকে অচেতন করে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
মো. সরওয়ার বলেন, সচেতনতা ও সতর্কতাই এ ধরনের অপরাধ থেকে সুরক্ষার প্রধান উপায়। পুলিশ সবসময় জননিরাপত্তা নিশ্চিতে সজাগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে বুধবার সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন করেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত)। সেখানে তিনি সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
Leave a Reply