লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটাগুলোর কিলন ভেঙে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৬ মে) পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে মেসার্স জিএ ব্রিকসকে ৫ লাখ টাকা এবং মেসার্স এস এ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিবেশ দূষণের অভিযোগে ভাটাগুলোর কিলন ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, সদর দপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. গোলাম আসিফ রহমান।
এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায় ছাড়াও জেলা পুলিশ, র্যাব-১৩ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply