রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযানে চাঁদাবাজ, অপহরণকারী ও অজ্ঞানপার্টির সদস্যসহ শতাধিক অপরাধীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও গোয়েন্দা পুলিশ।
বুধবার (৬ মে) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানায় একযোগে অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার করা হয়েছে।
মিরপুর মডেল থানায় বিশেষ অভিযানে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতভর এই অভিযান পরিচালিত হয় বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে মতিঝিল এলাকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে এক কম্পিউটার প্রকৌশলীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মো. আনোয়ার সরকার ও জহিরুল ইসলাম ওরফে বাবু। পুলিশ জানায়, ভিকটিমের কাছ থেকে দফায় দফায় টাকা আদায় করে মোট ১ লাখ ৫৩ হাজার টাকা নেওয়া হয় এবং ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযানে অজ্ঞান পার্টির ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চেতনানাশক ইনজেকশন উদ্ধার করা হয়। একই এলাকায় আরও ২৪ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়।
এছাড়া মুগদা থানায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত আরও ২২ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে নিয়মিত মামলা, পুরনো মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশ জানিয়েছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
Leave a Reply