চলতি বছরের ২৭ জানুয়ারি একটি এজেন্সির মাধ্যমে শ্রমিক হিসেবে সৌদি আরবে যান জামালপুরের মাদারগঞ্জ উপজেলার রুবেল মন্ডল। তবে গত ২২ দিন ধরে তার কোনো খোঁজ পাচ্ছে না পরিবার, এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বজনরা।
বুধবার (৬ মে) মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে রুবেলের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা যায়।
রুবেলের মা মনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলে ২২ দিন ধরে কোনো যোগাযোগ করছে না। ফোন দিলে ধরছে না। তিনি বলেন, “আমার পুলাডা কই আছে, কেমনে আছে কিছুই জানি না। সারা রাত ঘুমাইতে পারি না, আমি শুধু আমার ছেলেকে ফেরত চাই।”
পরিবার জানায়, রুবেল সৌদি আরবের মক্কা শহরের একটি বেসরকারি ক্লিনিকে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং মাসে আয় পাঠাতেন। সর্বশেষ গত ১৬ এপ্রিল বিকেল ৪টার দিকে তিনি মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল, ইমো, ফেসবুক ও মেসেঞ্জারসহ সব যোগাযোগ বন্ধ রয়েছে।
রুবেলের বড় ভাই মঞ্জুরুল ইসলাম বলেন, চার ভাইয়ের মধ্যে রুবেল সবচেয়ে ছোট। হঠাৎ তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার দিশেহারা হয়ে পড়েছে। তিনি দ্রুত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, বিষয়টি জানা হয়েছে। পরিবারকে সৌদি আরবে অবস্থিত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।
Leave a Reply