চাঁদপুরের কচুয়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার পাচার বাজার এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর জেলা কার্যালয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আব্দুল্লাহ আল-ইমরান। তিনি জানান, বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ায় সাচার হলি কেয়ার ডিজিটাল মেডিকেল সেন্টার ও ডায়মন্ড হসপিটাল অ্যান্ড ল্যাবকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া ফিজিসিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে গোপাল মেডিকেল হল ও মল্লিক ফার্মেসিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় ঢাকা এশিয়ান রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, কচুয়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সহায়তা করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply