বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিমন্ত্রীর পরিদর্শন, সহায়তা জোরদারের নির্দেশ

শাকুর মাহমুদ চৌধুরী, (উখিয়া) কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৩ বার
কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পসমূহ পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (পররাষ্ট্র মন্ত্রণালয়)। বুধবার অনুষ্ঠিত এই পরিদর্শনে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনমান ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ক্যাম্প-৮W সহ আশপাশের বিভিন্ন ব্লক ঘুরে দেখেন এবং সেখানে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের দৈনন্দিন জীবনযাপন, স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা, শিক্ষা কার্যক্রম এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সরাসরি খোঁজখবর নেন। এ সময় ক্যাম্পে কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় এনজিওর কার্যক্রম সম্পর্কেও অবগত হন।
প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC) কার্যালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, ক্যাম্প-৮W এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী এবং উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা। তারা ক্যাম্প ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং চলমান চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত করেন।
পরিদর্শন শেষে আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট একটি আন্তর্জাতিক মানবিক ইস্যু এবং এর টেকসই সমাধানে বিশ্ব সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। তিনি নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মানবিক সহায়তা কার্যক্রম আরও স্বচ্ছ ও সমন্বিতভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে বলেন, ক্যাম্প ব্যবস্থাপনা যেন আরও মানবিক, দক্ষ এবং জবাবদিহিমূলক হয়- সেদিকে বিশেষ নজর দিতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার কথাও উল্লেখ করেন।
উল্লেখ্য, কক্সবাজারের উখিয়া-টেকনাফ এলাকায় বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে প্রায় ১২ লক্ষাধিক রোহিঙ্গা অবস্থান করছে, যাদের জন্য বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো যৌথভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category