চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় একটি অ্যাম্বুলেন্স থেকে প্রায় ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে থানার পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অ্যাম্বুলেন্স চালক ও তার সহযোগীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন চন্দনাইশ থানার দোহাজারী পৌরসভা আলীপাড়া এলাকার মো. বাবলু খানের ছেলে শহিদুল ইসলাম খান সাগর (২৭) এবং একই এলাকার মো. আফসারের ছেলে মো. আফসার (৩৩)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে চালক ও তার সহযোগীকে আটক করা হয়।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply