ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে কেন টিকা কার্যক্রমে কিছু ঘাটতি হয়েছে, তা খতিয়ে দেখবে সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, টিকা কার্যক্রমে কোনো অনিয়ম বা অবহেলা হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করা হবে।
তবে ব্যক্তিগত মতামত জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো খারাপ উদ্দেশ্য ছিল বলে তিনি মনে করেন না। তাঁর ভাষায়, শিশু মৃত্যু ঘটানোর মতো কোনো উদ্দেশ্য সরকারের ছিল—এমনটা তিনি বিশ্বাস করেন না।
তিনি আরও জানান, সরকারের চলমান টিকা কার্যক্রমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। খুব শিগগিরই শতভাগ লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কেও কথা বলেন তিনি। ডা. জাহেদ উর রহমান জানান, পশ্চিমবঙ্গের নির্বাচনের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক পর্যবেক্ষণ নেই।
তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেখানে জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন, তাদের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক বজায় থাকবে। পশ্চিমবঙ্গকে আলাদাভাবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে যেকোনো ধরনের চুক্তি রাষ্ট্রীয় পর্যায়েই হয়ে থাকে এবং রাজ্যভিত্তিক নির্বাচনের ফলাফল সেই সম্পর্ককে প্রভাবিত করবে না।
Leave a Reply