বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

বেইজিং সফরে পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব

প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৫ বার

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (৫ মে) দুপুরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর গঠিত নতুন সরকারের আমলে এটিই তার প্রথম চীন সফর। সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এই সফরের মূল লক্ষ্য বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং দুই দেশের মধ্যে কৌশলগত যোগাযোগ শক্তিশালী করা। এর আগে গত এপ্রিলের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করেন। এক মাসের ব্যবধানে বেইজিং সফরকে কূটনৈতিক ভারসাম্য রক্ষার একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বুধবার (৬ মে) বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন খলিলুর রহমান। বৈঠকে জ্বালানি সংকট মোকাবিলা, দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের অগ্রগতি, চীনে কাঁঠাল রপ্তানি, গুয়াংজু-চট্টগ্রাম ও সাংহাই-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু, চীনা শিল্প স্থানান্তর এবং চাইনিজ অর্থনৈতিক অঞ্চল স্থাপনসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসবে। পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হবে। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে চীনের সমর্থন কামনা করা হবে।

বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার হিসেবে চীন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সহযোগিতা জোরদার এবং গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ-এর মতো উদ্যোগের আওতায় ভবিষ্যৎ সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিতে পারে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সম্ভাব্য চীন সফর নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথমার্ধের মধ্যে সরকারপ্রধান বেইজিং সফর করতে পারেন।

এছাড়া রোহিঙ্গা ইস্যু, মিয়ানমার পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাব নিয়ে দুই দেশের মধ্যে মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরের অংশ হিসেবে বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির একাধিক শীর্ষ নেতার সঙ্গেও বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category