ময়মনসিংহের ভালুকা উপজেলাে উপজেলা পরিষদের পুকুর সংস্কার কাজ শেষ হওয়ার আগেই ভারি বৃষ্টিতে পুকুরপাড় ধসে পড়েছে। গত শনিবার (২ মে) ও রবিবারের মধ্যে পুকুরপাড়সহ হাঁটার রাস্তার অংশ ধসে পড়ে বলে জানা গেছে।
উপজেলা প্রকৌশল অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজস্ব তহবিলের আওতায় ভালুকা উপজেলা পরিষদের পুকুর সংস্কার কাজ চলছে। এতে মাটি ভরাট, জিও ক্লথ ও সিসি ব্লক দিয়ে পাড় বাঁধাই, ওয়াকওয়ে এবং ড্রেন নির্মাণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। কাজটি করছে মেসার্স ফুয়াদ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় ৯১ লাখ ৭৬ হাজার টাকার এ প্রকল্প শুরু হয় গত বছরের ২৭ আগস্ট এবং আগামী ২৬ মে কাজ শেষ হওয়ার কথা ছিল।
এ পর্যন্ত প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। তবে কয়েক দিনের টানা বৃষ্টিতে পুকুরের দক্ষিণ পাড়ের ভরাট করা অংশ, সিসি ব্লক এবং জিও ক্লথসহ বড় অংশ ধসে পড়ে। বৃষ্টির পানির সঙ্গে মিশে পাড়ে ফেলা মাটির বড় অংশ পুকুরে চলে যায়।
স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির পানি প্রতিরোধের যথাযথ ব্যবস্থা না নিয়ে এবং জিও ব্যাগ ব্যবহার না করেই মাটি ভরাট করায় এ ধসের ঘটনা ঘটেছে। তারা কাজের পরিকল্পনায় দুর্বলতা রয়েছে বলে মনে করছেন।
তবে সংস্কারকাজ তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মো. শওকত হোসেন বলেন, আগেই সেখানে প্যালাসাইডিং প্রতিরক্ষা প্রাচীর ছিল, তাই নতুন করে প্যালাসাইডিং করা হয়নি। প্রবল বৃষ্টির কারণে পুরোনো দুর্বল প্যালাসাইডিংসহ পাড়ের মাটি ধসে গেছে।
অন্যদিকে সাবকন্ট্রাক্টর রকিবুল হাসান রাসেল বলেন, উপজেলা প্রকৌশল অফিসের নির্দেশনা অনুযায়ী কাজ চলছে এবং নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই।
উপজেলা প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক দাবি করেন, টানা বৃষ্টির কারণেই ভরাট করা মাটি ধসে গেছে, এতে কাজের পরিকল্পনায় কোনো ত্রুটি নেই। বৃষ্টি শেষ হলে পুনরায় কাজ শুরু করা হবে।
এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসর নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, এটি এখনো চলমান প্রকল্প। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতি হয়েছে, তবে নতুন করে সংস্কার করে কাজ সম্পন্ন করা হবে।
Leave a Reply